গাজীপুর

কাপাসিয়ায় দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি : গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দুই বাসিন্দা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীমের কার্যালয়ে অভিযোগগুলো জমা দেন।

ফুটবল টুর্নামেন্ট নিয়ে অভিযোগ

অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ‘কাপাসিয়া ইউথ ফোরাম’-এর ব্যানারে শুক্রবার বিকেল ৩টার দিকে স্থানীয় আড়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আইউবী।

স্থানীয়দের অভিযোগ, ওই অনুষ্ঠানে ব্যাপক লোকসমাগম ঘটে, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ অভিযোগ করেন সনমানিয়া ইউনিয়নের বাসিন্দা মো. শহীদুল্লা।

কম্বল বিতরণে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ড. মো. আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সনমানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তিনি লোকসমাগম ঘটিয়ে কম্বল বিতরণ করেন।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, এলাকাবাসী এ নিয়ে আপত্তি জানালে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। এ সময় ঘটনাস্থলে পাঁচটি কম্বল, কিছু ক্যালেন্ডার এবং ৫৫ জন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ফেলে রাখা হয়। পরে এসব আলামত ইউনিয়ন পরিষদের মাধ্যমে সংরক্ষণ করা হয়।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ডা. তামান্না তাসনীম বলেন, দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে পৃথক দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কম্বল বিতরণের ঘটনায় সংশ্লিষ্ট প্রার্থীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

অভিযোগ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী ড. মো. আবুল হাসেম বলেন, “আমি আমার আত্মীয়-স্বজনের জন্য তিন থেকে চারটি কম্বল দিয়েছি। রিটার্নিং অফিসার আমাকে ফোন করেছিলেন। ভবিষ্যতে এ ধরনের কিছু আর হবে না।”

অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করিনি। নির্বাচনী আচরণবিধি সম্পর্কে আমি সচেতন। এলাকাবাসী নিজেরাই এই খেলার আয়োজন করেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button