Uncategorized

কালীগঞ্জে লাইসেন্সবিহীন স্বর্ণের ব্যবসা, মোবাইল কোর্টে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে লাইসেন্স ছাড়া জুয়েলারি দোকান পরিচালনা এবং ওজন পরিমাপে কম দেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

উপজেলা প্রশাসনের এক বার্তায় জানানো হয়েছে, সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় ওজন পরিমাপে কম দেওয়ার দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন’ অনুযায়ী এফ এম জুয়েলার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও এ টি এম কামরুল ইসলাম।

অপরদিকে লাইসেন্সবিহীন জুয়েলারি ব্যবসা পরিচালনার দায়ে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’-এর ১০৯ ধারায় চৌধুরী শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স ও শান্ত জুয়েলার্সকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

একই সঙ্গে ওজন পরিমাপে কম দেওয়ার অভিযোগে মমতা জুয়েলার্সকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন’ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button