গাজীপুর

শ্রীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে ৬

বিশেষ প্রতিনিধি : শ্রীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিনিয়র যুগ্ম সম্পাদক ফরিদ সরকার (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ

বুধবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফরিদ সরকার ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং জাসাসের গোসিংগা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন।

নিহতের স্বজন শাকিল হাসান মোড়ল জানান, ফরিদের প্রতিবেশী আনোয়ার হোসেন ও মো. মোতাহারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরেই পূর্বে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, “প্রতিপক্ষ প্রতিবেশীরা আমাদের অব্যাহতভাবে হুমকি দিচ্ছিল। সবসময় পরিবারটি আতঙ্কের মধ্যে ছিল।”

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের খাবারের পর ফরিদ সরকার স্থানীয় একটি ইটভাটায় যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয় এক ইউপি সদস্য তাকে ইটভাটার কাছে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের কাছে খবর দেন। স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির আহমেদ জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের হাত ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button