বিশেষ প্রতিনিধি : গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম শিপু (৫৪) মারা গেছেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২-এ বন্দি ছিলেন।
রোববার (৪ জানুয়ারি) সকালে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২-এর জেলার মো. আবুল হোসেন জানান, শহিদুল ইসলাম শিপু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শহিদুল ইসলাম শিপু গাজীপুর মহানগরের টঙ্গী থানার গোপালপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। কারাগারে যাওয়ার আগে তিনি জাতীয় ছাত্র সমাজের একজন নেতা ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আহসান উল্লাহ মাস্টার গাজীপুর–২ (সদর–টঙ্গী) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে দুই দফা সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শ্রমিক রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং এলাকায় একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন।
২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একদল সন্ত্রাসী তাঁকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। ওই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এই হত্যা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে রায় ঘোষণা করেন আদালত। রায়ে শহিদুল ইসলাম শিপুসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।