কালীগঞ্জে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী চলন্ত এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী–ভৈরব রেললাইনে এই ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, চলন্ত অবস্থায় ট্রেনের পেছন দিকে থাকা গ বগির সংযোগস্থল বা জয়েন্টের হুক খুলে গেলে গ ও ঘ বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। ঘটনার পরপর চালক টের পেয়ে ট্রেন থামিয়ে দেয়। পরে রেলওয়ে কর্মীরা বগি দুটি পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। টঙ্গী–ভৈরব রেলপথটি ডাবল লাইন হওয়ায় সে সময় বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, “বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”



