
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ক্র্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’
স্থানীয়রা জানান, হঠাৎ করেই তারা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে কেন্দ্রের ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।



