গাজীপুর

গাজীপুরে যমুনার পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ৫০

বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে যমুনা ডেনিমস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিকেরা ৮ দফা দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কোনাবাড়ী–কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন বলে পুলিশের দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—পরিচালক কাজল কান্তির পদত্যাগ, বাৎসরিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে পরিশোধ ও ভবিষ্যতে প্রতি বছর ডিসেম্বর মাসে পরিশোধ, টিফিন বিল ৫০ টাকা নির্ধারণ, রাত ১০টার পর কাজ করলে ১৫০ টাকা নাইট বিল প্রদান, হাজিরা বোনাস হিসেবে হেলপার থেকে অপারেটর পর্যন্ত সবাইকে এক হাজার টাকা দেওয়া, প্রতি মাসের ৩–৪ তারিখের মধ্যে বেতনের পে-স্লিপ প্রদান এবং ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ।

এ ছাড়া জরুরি প্রয়োজনে ছুটি মঞ্জুর, ফ্লোরে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ বন্ধ, শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আন্দোলনের কারণে কোনো শ্রমিক বা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার দাবিও জানান তারা।

গাজীপুর শিল্প পুলিশ–২ এর কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান সংবাদ মাধ্যমকে বলেন, “শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছিলেন। তাঁদের সরাতে গেলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”

তিনি জানান, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন। বর্তমানে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button