টঙ্গীতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান, তিনজন গ্রেপ্তার

টঙ্গীতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান, তিনজন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : মহানগরের টঙ্গীতে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া আলম মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া আলম মার্কেট এলাকার আরিফ রায়হান (৩১), গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার শক্তিপুর বাজার এলাকার মো. রুবেল মিয়া (৩৩) এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঘোঘা এলাকার মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

রুবেল মিয়া টঙ্গীর খোকন ভিলায় এবং জাহিদুল ইসলাম ওরফে সবুজ টঙ্গী পশ্চিম থানার আ. রহমানের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলায় জাল টাকা তৈরির একটি কারখানা স্থাপন করে অবৈধভাবে জাল নোট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। এরপর রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে উদ্ধার করা হয় ৫ লাখ ৪০ হাজার টাকার মূল্যমানের প্রস্তুত জাল নোট এবং কাগজে প্রিন্ট করা অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট।

এ ছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, একটি পেপার কাটার মেশিন, একটি লেমিনেটিং মেশিন, দুটি পেপার বাইন্ডার মেশিন, একটি স্ক্যানার, বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টার কালি, ২৫টি স্ক্রিন ফ্রেম, দুটি স্ক্রিন লক ফ্রেম, চারটি প্লাস্টিক স্কেল, পাঁচটি কাটার, ছয়টি রোল ফয়েল পেপার, দেড় লিটার স্পিরিট, একটি স্প্রে রং, দুটি বোতল কেমিক্যাল এবং বিভিন্ন আকারের কাগজ (১০ রিম) জব্দ করা হয়।

র‍্যাব কর্মকর্তা মো. নাফিজ বিন জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।