কাপাসিয়ায় কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিনিধি : কাপাসিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে হেলাল উদ্দিন (৫৫) নামে কৃষকদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কোটবাজালিয়া এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে হামলা করে বলে পুলিশ জানিয়েছে।
নিহত হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামে। তিনি মৃত আব্দুল লতিফের ছেলে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, শনিবার রাতে হেলাল উদ্দিন বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা ৪-৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে রোববার সকালে তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে নিহতের ভাতিজার সঙ্গে শুক্রবার তার বিরোধ হয়েছিল।
স্থানীয়রা বলছেন, এই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটতে পারে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গাজীপুর জেলা শাখার সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন, হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে।



