নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ইলিয়াস (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাহাদুরসাদী ইউনিয়নের কোরুইল্লার টেক ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইলিয়াস জামালপুর ইউনিয়নের ছৈলাদি এলাকার শরীফের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণভাগ থেকে ছৈলাদি সড়কের কোরুইল্লার টেক ব্রিজের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, নিহত ইলিয়াস এলাকার বখাটে যুবকদের সঙ্গে মেলামেশা করতেন এবং মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। শনিবার রাতে দালান বাজারের তেল ব্যবসায়ী দক্ষিণভাগ এলাকার নাসির কাজীর ছেলে হানিফ কাজী ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা করে বাড়ি ফিরতে সক্ষম হন।
তবে ওই ঘটনায় দুর্বৃত্তদের দলে ইলিয়াস ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, ইলিয়াসও হয়তো দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। দ্রুতই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করা সম্ভব হবে।