গাজীপুর

গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, নিরাপত্তায় মোতায়েন ১৮ হাজার সদস্য

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। জেলার পাঁচটি সংসদীয় আসনের ৯৩৫টি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ৯৩৫টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতরে ও বাইরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৩৮টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। প্রতিটি মোবাইল কোর্টের দায়িত্বে রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।’

প্রাপ্ত তথ্যে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ৫৮৪ জন, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫৮৩ জন, বিজিবির ২৮২ জন, র‌্যাবের ৮৫ জন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৩১ জন, জেলা পুলিশের ১ হাজার ৭০৭ জন এবং আনসারের ১২ হাজার ২৪৩ জন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন।

এর মধ্যে—গাজীপুর-১ আসনে ভোটার ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন, ভোটকেন্দ্র ২৩৭টি এবং প্রার্থী ৮ জন।গাজীপুর-২ আসনে ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন, ভোটকেন্দ্র ২৭২টি এবং প্রার্থী ১২ জন। গাজীপুর-৩ আসনে ভোটার ৫ লাখ ২৭ হাজার ৩৫৯ জন, ভোটকেন্দ্র ১৮০টি এবং প্রার্থী ৭ জন। গাজীপুর-৪ আসনে ভোটার ৩ লাখ ৩০ হাজার ৯৭৭ জন, ভোটকেন্দ্র ১২২টি এবং প্রার্থী ৮ জন এবং গাজীপুর-৫ আসনে ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন, ভোটকেন্দ্র ১২৪টি এবং প্রার্থী ৭ জন।

ইতোমধ্যে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button