আলোচিতজাতীয়

নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। সেজন্য প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান।

সচিব বলেন, মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের শপথকক্ষে শপথ নেবেন। তাঁদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। তিনি প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন, পরে মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

বৃহ্স্পতিবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন হয়। এতে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেছেন।

তবে আগের সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে না থাকায় নবনির্বাচিত সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন তা নিয়ে এখনও আলোচনা চলছে।

এ আলোচনার মধ্যে শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের শপথ পড়াবেন।

এদিন দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সাংবাদিকদের স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলে ‘প্রধান বিচারপতি’ বা প্রধান নির্বাচন কমিশনারও সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারবেন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী। তিনি মামলার আসামি হয়ে বর্তমানে প্রকাশ্যে নেই।

তার সঙ্গে ডেপুটি স্পিকারের দায়িত্ব নেন শামসুল হক টুকু। তিনি মামলার আসামি হয়ে এখন কারাগারে। ফলে নতুন সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন, তা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা নির্বাচিত হবেন, তিনি রাষ্ট্রপতিকে জানাবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button