
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রাপ্ত ভোটের হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ৪৯.৯৭ শতাংশ ভোট পেয়ে এককভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী তাদের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১.৭৬ শতাংশ ভোট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের তৈরি দলভিত্তিক প্রাপ্ত ভোটের হার সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইসির প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে ৩.০৫ শতাংশ ভোট পেয়ে চমক দেখিয়েছে। অন্যদিকে, এইচ এম এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি ১৯৯টি আসনে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের ঝুলিতে পড়েছে মাত্র ০.৮৯ শতাংশ ভোট। স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে ৫.৭৯ শতাংশ ভোট পেয়েছেন।
এর আগে ইসি জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৮ জন প্রার্থী।
তবে সব আসনে ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে ইসি। এছাড়া চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় আসন দুটির ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।



