বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি রুখতে ‘অভিযোগ বাক্স’ বসালেন এমপি মোবাশ্বের

বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি রুখতে ‘অভিযোগ বাক্স’ বসালেন এমপি মোবাশ্বের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড রুখতে এক অভিনব পদক্ষেপ নিয়েছেন। তিনি নাঙ্গলকোট পৌরসভায় একটি ‘অভিযোগ বাক্স’ স্থাপন করেছেন।

অভিযোগ বাক্সটিতে তিনি বড় করে লিখে দিয়েছেন, ‘বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি অথবা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে দয়া করে নির্দ্বিধায় লিখিত অভিযোগ জমা দিন।’

সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী উদ্যোগের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় রীতিমতো প্রশংসায় ভাসছেন মোবাশ্বের আলম ভূঁইয়া। ওই সংসদীয় আসনের বাসিন্দারা ফেসবুকে নানা ইতিবাচক মন্তব্য করছেন। সাধারণ মানুষ ও নেটিজেনরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে লিখেছেন— এটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবেন।

এই উদ্যোগের বিষয়ে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি এই এলাকায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। যে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার সুপারিশ করব। বিএনপি আমার দল। কিন্তু আমি জনগণের এমপি। যে কেউ অভিযোগ বাক্সে চিঠি দিতে পারবেন। তাদের পরিচয় গোপন রাখা হবে। আমার দলের কোনো নেতাকর্মী অপরাধ করলে আরও কঠোর হব। নাঙ্গলকোট ও লালমাই হবে সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত।’

এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধিদের এমন কঠোর ও স্বচ্ছ অবস্থান তৃণমূল পর্যায়ে অপরাধ দমনে এবং দলের ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।