গাজীপুর কণ্ঠ ডেস্ক
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার (০৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শরিফুল ইসলাম জানান, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে এ মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবির তরফে জানানো হয়েছে।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সম্প্রতি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আন্দোলনে নামেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে কোথাও কোথাও পুলিশ ও বহিরাগতদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে সড়কে নামতে দেখা গেছে।
এর মধ্যে গত ৪ নভেম্বর পোশাক খাতের নিম্নতম মজুরি বোর্ড প্রথম সভা করে বলেছে, পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে, যা শ্রমিকরা হাতে পাবেন জানুয়ারি মাসে। এরপর পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।
তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরি হারের মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে।
২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।