গাজীপুর

কালীগঞ্জে গরু বিক্রি করে কেনা মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : পরিবারের ওপর চাপ সৃষ্টি করে গরু বিক্রি করিয়ে কেনা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে ট্রাক চাপায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মঞ্জুর আকন্দের ছেলে নৌশির আকন্দ (১৬) এবং একই এলাকার মো. মোশারফের ছেলে মো. মিহাদ (১৬)।

তারা দু’জনই জিন্দা পার্কের ভেতরে অবস্থিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলের শিক্ষার্থী। নৌশির চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং মিহাদ ছিল দশম শ্রেণির শিক্ষার্থী।

মোটরসাইকেলটি চালাচ্ছিল জিন্দা পার্ক এলাকার মৃত কালামের ছেলে আজিজুল (১৭)। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সে পড়াশোনা ছেড়ে দিয়ে বাউন্ডুলে জীবনযাপন করত।

gazipurkontho
দুর্ঘটনাস্থল

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি পরিবারের ওপর চাপ সৃষ্টি করে গরু বিক্রি করিয়ে টিভিএস কোম্পানির ‘অ্যাপাচি ৪ভি’ মডেলের একটি মোটরসাইকেল কেনে আজিজুল। মঙ্গলবার বিকেলে ওই মোটরসাইকেল নিয়েই তিনজন ঘুরতে বের হয়। পরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে উলুখোলার দিকে যাওয়ার সময় নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় পৌঁছে একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) এগিয়ে যাওয়ার চেষ্টা করে মোটরসাইকেলটি। সে সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পেছনে বসা দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে। ঠিক তখনই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। মোটরসাইকেল চালক আজিজুল অক্ষত রয়েছে।

হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button