আলোচিতজাতীয়

নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি।

জানতে চাইলে সাজ্জাত আলী সংবাদ মাধ্যমকে বলেন, “আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।”

পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়।

শেখ সাজ্জাত আলী ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপি, পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিআইজি পদে পদোন্নতি লাভ করে তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।

২০১৬ সালের ৩ নভেম্বর তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাজ্জাত আলী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন এবং দেশে-বিদেশে পেশাগত নানা প্রশিক্ষণ নেন।

সাজ্জাত আলী ১৯৬১ সালের ২৫ মার্চ ঢাকা জেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম শেখ ওয়াজেদ আলী এবং মাতার নাম নুরজাহান বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button