গাজীপুর

শ্রীপুরে ‘মব’ তৈরি করে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে স্থানীয় জনতা ‘মব’ তৈরি করে পুলিশের হাত থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে।

রোববার (০১ মার্চ) সন্ধ্যায় উপজেলার নিজমাওনা গ্রামে এই ঘটনা ঘটে।

তবে আধ ঘণ্টার মধ্যে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ছিনিয়ে নেওয়া দুই আসামিকে পুনরায় গ্রেপ্তার করে। সেই সঙ্গে আটক করা হয় আরও তিন জনকে।

গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন মনির হোসেন (৪৫) এবং মো. আদিল (২২)। তাঁরা টাঙ্গাইল সদর থানায় দায়ের করা একটি মামলার অভিযুক্ত। ঘটনাস্থল থেকে আটক বাকি তিন জনের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

শ্রীপুর থানা সূত্রে জানা গিয়েছে, টাঙ্গাইল সদর থানার ওই মামলার অভিযুক্তদের গ্রেপ্তার করতে সেই থানার কয়েক জন পুলিশকর্মী শ্রীপুর থানায় আসেন। কর্তৃপক্ষের নির্দেশে যৌথ অভিযান চালানো হয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম সেই অভিযানে অংশ নেন। নিজমাওনা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁদের নিয়ে বাড়ি থেকে সড়কে ওঠার মুহূর্তে হঠাৎ এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ পুলিশকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ বলে মিছিল শুরু করেন। এক পর্যায়ে তাঁরা পুলিশের উপর চড়াও হন।

এসআই তাজুল ইসলাম জানান, ”আসামি গ্রেপ্তারের পরেই লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা চালানো হয়। পুলিশকর্মীদের হাতে কামড় দিয়ে ও লাঠি দিয়ে মেরে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পুনরায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, মূল আসামি-সহ মোট পাঁচ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সূত্র: প্রথম আলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button