সিরাগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ২ কর্মী নিহত

সিরাগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ২ কর্মী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিন দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া সংবাদ মাধ্যমকে জানান, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের দ্বন্দ্ব চলে আসছিল। আছমত আলী বিগত ১৫/১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করে আসছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক ৩ বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। সোমবার সকালে আবু বক্কার সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন এসে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় হাসুয়া, দা, লাঠিসোটা নিয়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত চারজন ও বিএনপি সমর্থিত সাতজন গুরুতর আহত হন।

৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান।

ওসি আরও বলেন, ওই পুকুর দখলকে কেন্দ্র করে ২০০৭ সালে ফজলার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।

এদিকে এ বিষয়ে ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে পুকুরটি আওয়ামী লীগ সমর্থিতরা চাষাবাদ করতো। ৫ আগস্টের পর আবু বক্কার সিদ্দিক পুকুরটি লিজ নিলেও সেখান থেকে মাছ ধরতে দেয়নি আছমত আলী গং।

আজকে সকালে আবু বক্কার সিদ্দিকের লোকজন মাছে ধরতে গেলে আওয়ামী লীগের লোকজন হামলা করে দুজনকে মেরে ফেলেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় এ বিষয়ে কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে বলেন, পুকুর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বিএনপির দুজন কর্মী মারা গেছেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।