বিশেষ প্রতিনিধি : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) রুব্রিক-ভিত্তিক গ্রেডিং পদ্ধতির ওপর দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ হয়।
শিক্ষায় স্বচ্ছতা, ন্যায্যতা ও মানোন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকরা অংশ নেন।
আইকিউএসি-র পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান।
গাকৃবির জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম জানান, রুব্রিক-ভিত্তিক মূল্যায়নের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের অর্জনকে স্পষ্ট, মানদণ্ডভিত্তিক ও ন্যায়সংগতভাবে মূল্যায়ন করা — অর্থাৎ একটি গুণগত, দায়িত্বশীল ও শিক্ষার্থীকেন্দ্রিক গ্রেডিং ব্যবস্থা গড়ে তোলা।
দিনব্যাপী প্রশিক্ষণে রুব্রিক প্রণয়ন, মানদণ্ড নির্ধারণ, গ্রেডিং স্কেল নির্মাণ ও ব্যবহারিক প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন কোষাধ্যক্ষ ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী, অধ্যাপক ড. শেখ শামীম হাসান এবং অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন।
শেষ পর্বে আয়োজিত প্রশ্নোত্তর সেশনে অংশগ্রহণকারী শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।