পূবাইলে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পূবাইলে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলে কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেল লাইনে পূবাইল বাজার সড়কের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন — পূবাইল মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. সজিব মিয়া (৪০) এবং সাতানিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. শেখ হাবিব ওরফে বাপ্পী (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শেখ হাবিব মোটরসাইকেল চালিয়ে সজিবকে সঙ্গে নিয়ে পূবাইল বাজারের দিকে যাচ্ছিলেন। রাত ৯ টার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেল লাইনের পূবাইল বাজার সড়কের রেল ক্রসিং-এর গেট বন্ধ থাকা সত্ত্বেও তা উঁচু করে ঝুঁকি নিয়ে রেল লাইন পার হওয়ার চেষ্টা করেন তারা। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রামগামী একটি কন্টেইনারবাহী ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা।