প্রবাসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন কালীগঞ্জের পিয়াস

প্রবাসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন কালীগঞ্জের পিয়াস

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশ ছেড়েছেন, কিন্তু দেশকে ভোলেননি। প্রবাসের ব্যস্ত জীবনেও মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি তিনি নিজেই নিজেকে দিয়েছিলেন, তা রেখেছেন নিষ্ঠার সঙ্গে। সেই একনিষ্ঠতার পুরস্কার এল আন্তর্জাতিক মঞ্চ থেকে।

যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত স্যান টিভি কমিউনিটি অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘কমিউনিটি লিডার অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী পিয়াস সাবের খান।

দক্ষিণ এশীয় কমিউনিটিতে সমাজসেবা, নেতৃত্ব ও কমিউনিটি উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত এই জমকালো আসরে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে পিয়াস সাবের খানের হাতে সম্মাননা তুলে দেওয়া হলে উপস্থিত অতিথিদের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল। আলোকোজ্জ্বল সেই মঞ্চে যেন একটুকরো বাংলাদেশই উঠে এসেছিল সেদিন।

পিয়াস সাবের খানের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। বিশিষ্ট ব্যক্তিত্ব আইয়ুব সাবের খান ও বাকিয়া চৌধুরী লতার জ্যেষ্ঠ পুত্র তিনি। প্রবাসে পাড়ি জমালেও নিজের শিকড় থেকে এতটুকু সরে যাননি এই তরুণ। বরং দূর দেশে বসেও বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক নানা কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন দীর্ঘদিন ধরে।

প্রবাসীদের পাশে দাঁড়ানো, বিপদে-আপদে সহায় হওয়া, তরুণ প্রজন্মকে একসূত্রে সংগঠিত করা — এই কাজগুলোই তাঁকে প্রবাসী বাংলাদেশি মহলে করে তুলেছে ভরসার নাম। মানবিক উদ্যোগে তাঁর ধারাবাহিক অংশগ্রহণ বহু আগেই তাঁকে আলাদা করে রেখেছে ভিড়ের মাঝে।

পুরস্কারের খবর পৌঁছাতেই কালীগঞ্জজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের আভাস।

স্থানীয়রা এই আন্তর্জাতিক স্বীকৃতিকে কালীগঞ্জ তথা সমগ্র বাংলাদেশের জন্য গৌরবের বলে মন্তব্য করেছেন। ভবিষ্যতে সমাজ ও কমিউনিটির জন্য তিনি আরও বড় ভূমিকা রাখবেন — এই প্রত্যাশা এখন কালীগঞ্জের ঘরে ঘরে।