শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন, দগ্ধ ৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনে তিনজন দগ্ধ হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাত পৌনে ১১টার দিকে পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে মুহূর্তেই আগুন পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে তিনজন অগ্নিদগ্ধ হন, যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
অগ্নিদগ্ধরা হলেন-রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে প্রথমে আলহেরা হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
আগুন পাশের শপিং মলে ছড়ালে আশাপাশের অন্য শপিং মলে আতংক ছড়িয়ে পড়ে। শতশত মানুষ ছোটাছুটির সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন সামান্য আহতও হন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম সংবাদ মাধ্যমকে বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সাঈদ সুপার মার্কেটের সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তারের মাধ্যমে আগুন ভবনে ছড়িয়ে পড়ে। আগুন পাশের তিনতলা ভবনেও ছড়িয়ে পড়লে কয়েকটি দোকানপাটের মালামাল পুড়ে যায়।
ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের ব্যবসায়ী সুমন মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের সাঈদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।
শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা সংবাদ মাধ্যমকে বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। শতশত মানুষের হুড়োহুড়িতে কয়েকজন সামন্য আহত হন। এতে মহাসড়কে যানবাহন চলাচল কিছু সময় বন্ধ ছিল৷ এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।



