দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বিমান চলাচল সাময়িক বন্ধ

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বিমান চলাচল সাময়িক বন্ধ

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে সোমবার ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

দুবাই মিডিয়া অফিস এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিমানবন্দরে যাওয়ার সড়ক ও টানেল সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখে পুলিশ। এমিরেটস এয়ারলাইন্স দুবাই থেকে তাদের ফ্লাইট স্থগিত করে। কিছু ফ্লাইট আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ অবশ্য ফ্লাইট পুনরায় চালু হওয়ার সময়সীমা জানায়নি।

এটি চলতি সংকটে দুবাই বিমানবন্দরে তৃতীয় ঘটনা। গত ২৮ ফেব্রুয়ারি উপসাগরীয় দেশগুলোতে ইরান ব্যাপক হামলা শুরু করার পর থেকে বিশ্বের অন্যতম ব্যস্ততম এই বিমানবন্দর বারবার আক্রান্ত হচ্ছে। গত ১১ মার্চ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন পড়েছিল। সংঘাতের প্রথম দিনই রাতের ইরানি হামলায় বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইরান জানিয়েছে, এই হামলাগুলো মূলত অঞ্চলে মার্কিন উপস্থিতিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। তবে বিমানবন্দর, হোটেল ও বন্দরের মতো বেসামরিক স্থাপনাও আক্রান্ত হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত উপসাগরীয় আরব দেশগুলো দুই হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে।

মার্কিন-ইসরায়েলের ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ আকাশসীমা বন্ধ থাকায় বৈশ্বিক বিমান চলাচলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। অনেক ফ্লাইট বাতিল বা পথ পরিবর্তন করতে হচ্ছে এবং জ্বালানির মূল্য ঊর্ধ্বমুখী হচ্ছে।

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সংযুক্ত আরব আমিরাত এই হামলার সবচেয়ে বেশি শিকার হচ্ছে। তবে সব উপসাগরীয় আরব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সবাই ইরানের এই হামলার নিন্দা জানিয়েছে।