গাজীপুর কণ্ঠ ডেস্ক : তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মো. তানভীর হাসান রুমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার ২৯ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে অনেকেই ফেসবুকে পোস্টও করেছেন। কেউ কেউ ইউএনও আলাউদ্দিনের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবি শেয়ার করেছেন।
তবে স্থানীয় সাংবাদিকদের কাছে আলাউদ্দিন দাবি করেছেন, তার সম্মানহানি করতে এআই দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিক তদন্তে ভিডিওর সত্যতা পাওয়ায় তাকে ওএসডি করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।