গাজীপুর কণ্ঠ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পাওয়া গেছে। এ হামলায় এখন পর্যন্ত তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে শহীদ সওদাগর তার ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
নিহত প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) ময়মনসিংহের গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। হামলায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে মামুনের শরীরের ৭২ শতাংশ পুড়ে যায়। তিনি সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
নিহত মামুনের মামাতো ভাই শাওন মড়ল সংবাদ মাধ্যমকে বলেন, মঙ্গলবার সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। মামুনের একটি ছেলে আছে।
আবদুল্লাহ আল মামুনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আল খারিজ শহরের এ হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছিল।
তারা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ হোসেন।
সূত্র: বিডিনিউজ