পাহাড় থেকে সৌদিয়া পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০ পর্যটক

পাহাড় থেকে সৌদিয়া পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০ পর্যটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা থেকে পার্বত্য জেলা বান্দরবানগামী সৌদিয়া পরিবহনের একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পড়ে অন্তত ২০ পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের সীমান্তবর্তী কেরানীহাট-বান্দরবান মহাসড়কে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই আহত পর্যটকদের উদ্ধারে স্থানীয়দের দ্রুত এগিয়ে আসার জন্য সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এর পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

একই সময় বান্দরবান সদর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিমও উদ্ধারকাজে যোগ দেয়।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন সুয়ালক ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ জাফর আহমেদ এবং স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম, সাগর ও রিফাত।

তারা খবরের কাগজকে বলেন, আমরা দুর্ঘটনাকবলিত বাসটির ভেতর থেকে অনেক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাসটিতে থাকা অধিকাংশ পর্যটক ছোটখাটো আঘাত পেয়েছেন। তবে তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন। এ সময় আমরা ঘটনাস্থলে বাসের চালককে দেখতে পাইনি।

পাহাড়ের ঢালু হয়ে নিচে নামার সময় অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন তারা।

ঘটনাস্থলে উপস্থিত বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) ত্রিরতন বড়ুয়া সংবাদ মাধ্যমকে বলেন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আহত পর্যটকদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছেন। ওই বাসে থাকা এক পর্যটক আমাদেরকে জানিয়েছেন, বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ সর্বমোট ৪৩ জন যাত্রী ছিলেন এবং যাত্রীরা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে গতরাতে ঢাকা থেকে রওনা হন। ধারণা করা হচ্ছে বাসটিতে থাকা অন্তত ১৫ থেকে ২০ জন পর্যটক ছোটখাটো আঘাত পেয়েছেন।