গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঈদ উপলক্ষে গাজীপুরের সাফারি পার্ক ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ষাট বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশা ফেলে চালক পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার (২২ মার্চ) সন্ধ্যায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলায় তাইবা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর মোছাম্মৎ জোহরা বেগম (৬০)। তিনি নরসিংদীর মাধবদী থানার আমদিয়া বেলাইদ এলাকার মরহুম সফুর উদ্দিনের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে মাধবদীর আমদিয়া বেলাইদ এলাকা থেকে একটি রিজার্ভ বাসে করে অন্তত ৪০ জন ঈদ উপলক্ষে গাজীপুরের সাফারি পার্কে বেড়াতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাইবা পেট্রোল পাম্পের সামনে বাসটি থামলে বেশ কিছু যাত্রী বাস থেকে নেমে সড়ক পার হয়ে ওয়াশরুম ব্যবহার ও আনুষঙ্গিক কাজ শেষ করেন। সে সময় জোহরা বেগম সড়ক পার হয়ে বাসে উঠতে গেলে টঙ্গীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশা ফেলে চালক পালিয়ে গেছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।