নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে এনা পরিবহনের বেপরোয়া গতির একটি বাসচাপায় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাড় ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম মো. নাজমুল হোসেন (৩২)। তিনি কালীগঞ্জ থানায় কর্মরত এবং থানার পুলিশ ভ্যানের চালক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, রাতভর এলাকায় টহল ডিউটি শেষে সকালে পুলিশ ভ্যান নিয়ে থানার ব্যারাকে ফেরেন নাজমুল। সেখানে পৌঁছে তিনি খেয়াল করেন তাঁর মানিব্যাগ সঙ্গে নেই। মানিব্যাগ উদ্ধারের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে আবার নলছাটা এলাকায় যান তিনি। এক পর্যায়ে এনা পরিবহনের বেপরোয়া গতির একটি অজ্ঞাত বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাড় ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘আহত পুলিশ সদস্যকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি পালিয়ে গেলেও তা শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’