নিজস্ব সংবাদদাতা : সাধারণ ক্রেতাদের বঞ্চিত করে বিশেষ সুবিধায় নির্দিষ্ট ব্যক্তিকে ড্রামে ভরে অতিরিক্ত জ্বালানি তেল বিক্রির অভিযোগে কালীগঞ্জে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) উপজেলার নাগরী ইউনিয়নের কেটুন এলাকায় অবস্থিত অয়ন-অনিক ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, সাধারণ ক্রেতাদের লাইনে রেখে কিংবা তাদের বঞ্চিত করে বিশেষ সুবিধায় নির্দিষ্ট ব্যক্তিকে ড্রামে ভরে অতিরিক্ত তেল সরবরাহের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা অয়ন-অনিক ফিলিং স্টেশন পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতা পান। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, সাধারণ ক্রেতাদের বঞ্চিত করে ড্রামে করে অতিরিক্ত তেল বিক্রি করা হলে বাজারে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা থাকে এবং তেল মজুদের সুযোগ তৈরি হয়।