বিশেষ প্রতিনিধি : গাজীপুর শহরের ব্যস্ততম জয়দেবপুর রেলক্রসিং এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (৩০মার্চ) পরিচালিত এই অভিযানে অংশ নেয় গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে রেলক্রসিং এলাকায় ফল, সবজি ও মাছের অস্থায়ী দোকান এবং ব্যাটারিচালিত অটোভ্যানের ভ্রাম্যমাণ দোকান বসত। এতে ওই এলাকায় প্রতিনিয়ত তীব্র যানজট ও মানবজটের সৃষ্টি হতো। দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতেই সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
প্রশাসক মো. শওকত হোসেন সরকার জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আলোচনা সাপেক্ষে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গাজীপুরকে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখল ঠেকাতে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান জানান, জয়দেবপুর রেলক্রসিং গাজীপুরের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করে। এলাকাটির আধুনিকায়নে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও ফুটপাত সংস্কারসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।