বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরের মেঘডুবি এলাকায় ইজিবাইক চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক আসামিকে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মমতাজ আলী (৩৯)।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম জানান, গত রোববার (২৯ মার্চ) রাতে লালমনিরহাটের হাতিবান্ধা থানার ভোটমারি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, গত ১১ মার্চ মেঘডুবি এলাকায় ইজিবাইক চালক শাহাবুল ইসলামকে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁর ইজিবাইক ছিনতাই করে নেওয়া হয়। স্থানীয়রা তাঁকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মার্চ তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. মাহাবুল ইসলাম বাদী হয়ে পূবাইল থানায় মামলা করেন।
র্যাব কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার আসামি মমতাজ আলী লালমনিরহাটের হাতিবান্ধা থানার ভোটমারি এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প এবং র্যাব-১৩-এর রংপুর ইউনিটের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নিতে তাঁকে পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।