গাজীপুরে দেশের প্রথম এআই ও শিক্ষা নীতিমালা ল্যাব উদ্বোধন

গাজীপুরে দেশের প্রথম এআই ও শিক্ষা নীতিমালা ল্যাব উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ দেশের প্রথম ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধীন প্রতিষ্ঠিত এ ল্যাবটি ইউজিসি-এর ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, ইউএটিএফএস-এর চেয়ারপারসন অধ্যাপক ড. মো. শওকত ওসমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছা. তহুরা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বর্তমানে শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী উপকরণ হিসেবে আবির্ভূত হয়েছে। পাঠদান, গবেষণা, মূল্যায়ন এবং জ্ঞান সৃষ্টির কাঠামোয় এআই নতুন মাত্রা যোগ করেছে, যা প্রচলিত অ্যাকাডেমিক চিন্তাধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।

তিনি আরও বলেন, বিশ্ব এখন পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে। চতুর্থ শিল্পবিপ্লবের অর্জনকে কাজে লাগিয়ে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্ষেত্রে এআইয়ের যথাযথ ব্যবহার অপরিহার্য। ডুয়েটের কারিকুলাম, অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ধাপে ধাপে এআই সংযোজনের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা সম্ভব হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, নতুন এই ল্যাবটি ডুয়েটের উচ্চশিক্ষা ও গবেষণাকে যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এআইয়ের মাধ্যমে নীতিনির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় এটি দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় কার্যকর অবদান রাখবে।

ডুয়েটের পাবলিকেশন ও তথ্য কর্মকর্তা মো. রায়হান হোসেন জানান, এই ল্যাবটি হিট প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত দেশের প্রথম এআই ও শিক্ষা নীতিমালা বিষয়ক ল্যাব। এটি শিক্ষাখাতে জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং কারিগরি শিক্ষার সংস্কারের মাধ্যমে বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।