মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনা চলবে: ট্রাম্প

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনা চলবে: ট্রাম্প

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক 

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এনবিসি নিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে এনবিসি নিউজের সংবাদদাতা গ্যারেট হাকে জিজ্ঞেস করেন, এই ঘটনা ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাকে প্রভাবিত করবে কি না। জবাবে ট্রাম্প বলেন, “না, একেবারেই না। না। এটা যুদ্ধ। আমরা যুদ্ধে আছি, গ্যারেট।”

তবে চলমান উদ্ধার অভিযানের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ট্রাম্প। বিষয়টিকে তিনি ‘স্পর্শকাতর সামরিক বিষয়’ হিসেবে উল্লেখ করেন এবং পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের কভারেজের সমালোচনা করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সিএনএনকে জানান, ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ট্রাম্পকে অবহিত করা হয়েছে। পরে জানা যায়, বিমানটি একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রায় একই সময়ে মার্কিন বিমানবাহিনীর আরেকটি যুদ্ধবিমান — এ-১০ অ্যাটাক প্লেন — পারস্য উপসাগর অঞ্চলে বিধ্বস্ত হয়।

দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া আলাদা একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নিখোঁজ পাইলটের কোনো ক্ষতি হলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন না। তবে তিনি বলেন, “আমরা আশা করি এমন কিছু হবে না।”

বিমান দুটির ক্রু সদস্যদের খোঁজে উদ্ধার অভিযান চলছে বলে জানা গেছে।

সূত্র: এনবিসি নিউজ, নিউ ইয়র্ক টাইমস, দ্য ইন্ডিপেন্ডেন্ট