নিজস্ব সংবাদদাতা
লাইসেন্স ছাড়া বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে মজুতদারির দায়ে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযুক্ত ব্যবসায়ী একই এলাকার মার্টিন কস্তার ছেলে নিপু ডি কস্তা।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ভুরুলিয়া এলাকায় নিপু ডি কস্তার গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানকালে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে নিপু ডি কস্তা গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। এ ছাড়া মজুতের যথাযথ কারণও ব্যাখ্যা করতে পারেননি তিনি।
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স না থাকা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুতের দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬(১) ধারায় নিপু ডি কস্তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।