গাজীপুরে হামের টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ঘাটতি যেখানেই আছে, সেটা পূরণ করব। জনগণকে সম্পৃক্ত করার কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।

গাজীপুরে হামের টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, সরকার দ্রুতগতিতে পদক্ষেপ নিচ্ছে। যেসব জায়গায় ঘাটতি আছে, সেগুলো পূরণ করা হচ্ছে। টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, এই কর্মসূচি চলবে। কোনো রকম ঘাটতি রাখা হবে না।

রবিবার (০৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছি। ঘাটতি যেখানেই আছে, সেটা পূরণ করব। জনগণকে সম্পৃক্ত করার কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।’

তিনি আরও বলেন, সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে। একটি শিশুও বাদ যাবে না।

হামের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসা দেওয়া গেলে ভয়ের কোনো কারণ থাকবে না। নতুন করে শিশুরা যাতে হামে আক্রান্ত না হয়, সে জন্যই এই টিকা কার্যক্রম।

মা ও এলাকাবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে টিকা দিতে পারলে আমরা সবাই নিরাপদ থাকব। যাঁরা আজ টিকা নিয়ে যাবেন, বাড়ি গিয়ে প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের মধ্যে ওই বয়সি শিশু থাকলে তাদের পাঠিয়ে দেবেন। যত বেশি শিশু টিকার আওতায় আসবে, আমরা তত বেশি নিরাপদ হব।’

অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, সিভিল সার্জন, পুলিশ সুপার এবং ইউনিসেফের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।