গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এবং এর পরিবর্তে যুদ্ধের স্থায়ী সমাপ্তির ওপর গুরুত্ব আরোপ করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান তাদের অবস্থান পাকিস্তানের মাধ্যমে জানিয়েছে। ওই জবাবে যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে দেওয়া জবাবে মোট ১০টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
ইরনা জানায়, এসব ধারার মধ্যে রয়েছে—আঞ্চলিক সংঘাতের অবসান, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচলের নিশ্চয়তা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন।
ইরান মনে করে, সাময়িক যুদ্ধবিরতি পরিস্থিতির দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারবে না। তাই দেশটি একটি স্থায়ী ও টেকসই সমাধানের ওপর জোর দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।