ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত, পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি

তবে আলোচনা ব্যর্থ হলে হামলার হুমকি বহাল করা হবে।

ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত, পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পূর্বঘোষিত সামরিক অভিযান অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত এসেছে বলে ট্রাম্প নিজেই জানিয়েছেন।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু আগে নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। এটিই এই স্থগিতাদেশের প্রধান শর্ত।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবাহিত হয়।

ট্রাম্প তাঁর বিবৃতিতে বলেন, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে আসা ১০ দফা প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে বলে তিনি মনে করেন।

দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এই স্থগিতাদেশ সাময়িক স্বস্তির বার্তা দিলেও সংকট কাটেনি। দুই সপ্তাহের মধ্যে আলোচনায় অগ্রগতি না হলে ট্রাম্পের হামলার হুমকি কার্যকর হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে।

সূত্র: রয়টার্স