গাজীপুরে নারীকে শ্বাসরোধে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট

গাজীপুরে নারীকে শ্বাসরোধে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের পিরুজালী এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ডাকাতি করে তিন লাখ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। বাধা দেওয়ায় পরিবারের এক নারীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পিরুজালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার (৫৫) ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী। ময়নাতদন্তের জন্য পুলিশ তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরুজালী মধ্যপাড়া এলাকার আনিসুর রহমান স্থানীয় একটি কারখানায় এবং তার ছেলে নাজমুল সাকিব পিরুজালী আদর্শ উচ্চবিদ্যালয়ে নৈশপ্রহরীর কাজ করেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একদল দুর্বৃত্ত তাঁদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা আনিসুর রহমানের পুত্রবধূ আরিফা আক্তারের হাত-পা বেঁধে ফেলে। আসমা আক্তার বাধা দিলে দুর্বৃত্তরা তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বাড়ি থেকে তিন লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে চলে যায়। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘মধ্যরাতে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। বাধা দেওয়ায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কর সংবাদ মাধ্যমকে জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটি ডাকাতির ঘটনা, নাকি অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।