যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন, সম্মতি দিলেন জেলেনস্কিও

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে রোববার রাত ৩টা পর্যন্ত — অর্থাৎ স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত — সব ফ্রন্টে সামরিক অভিযান স্থগিত থাকবে।

যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন, সম্মতি দিলেন জেলেনস্কিও

রয়টার্স 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, কিয়েভ এই বিরতি মেনে চলবে।

ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী, শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে রোববার রাত ৩টা পর্যন্ত — অর্থাৎ স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত — সব ফ্রন্টে সামরিক অভিযান স্থগিত থাকবে। অর্থোডক্স ক্যালেন্ডার অনুযায়ী এ বছর ইস্টার পড়েছে ১২ এপ্রিল।

টেলিগ্রামে পোস্ট করা বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট লেখেন, “ইউক্রেন বারবার বলেছে, আমরা পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত। ইস্টারে যুদ্ধবিরতির প্রস্তাব আমরাই দিয়েছিলাম, এবং সেই অনুযায়ীই কাজ করব।”

তিনি আরও বলেন, “মানুষ চায় হুমকিমুক্ত ইস্টার এবং শান্তির দিকে একটি বাস্তব পদক্ষেপ। ইস্টারের পরেও রাশিয়ার হামলায় ফিরে না যাওয়ার সুযোগ আছে।”

জেলেনস্কি একই সঙ্গে উভয় পক্ষের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখার আহ্বান জানান এবং বলেন, এই প্রস্তাব তিনি যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাঠিয়েছেন।

এই ঘোষণা অনেকটাই গত বছরের ৩০ ঘণ্টার ইস্টার যুদ্ধবিরতির মতো। তবে সেবার উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।

ক্রেমলিনের ঘোষণায় বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ রুশ সেনাপ্রধান ভালেরি গেরাসিমভকে সব দিকে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে সতর্ক করা হয়েছে যে “শত্রুপক্ষের যেকোনো উসকানি বা আগ্রাসী পদক্ষেপ মোকাবেলায়” বাহিনী প্রস্তুত থাকবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুদ্ধবিরতির এই ঘোষণা আগে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হয়নি এবং এটি তিন পক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরুর কোনো ইঙ্গিতও নয়।

এদিকে পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সদস্যদের সঙ্গে শান্তিচুক্তি ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করছেন বলে সূত্র জানিয়েছে।

এই যুদ্ধবিরতির ঘোষণা এমন এক সময়ে এলো যখন ইরান ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ইউক্রেন সংকটে মার্কিন-নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টা কিছুটা স্থবির হয়ে পড়েছে।