ইসলামাবাদ আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের ‘অতিরিক্ত দাবি’, থমকে আছে অগ্রগতি

মার্কিন প্রতিনিধি দলের পুনরাবৃত্তিমূলক অতিরিক্ত দাবি পুরো প্রক্রিয়াকে থামিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ইসলামাবাদ আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের ‘অতিরিক্ত দাবি’, থমকে আছে অগ্রগতি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক 

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা এখন খসড়া-বিনিময় পর্যায়ে পৌঁছালেও আমেরিকান প্রতিনিধি দলের বারবার অতিরিক্ত দাবির কারণে প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। গত ৫০ বছরের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছেন শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ পর্যায়ের সরাসরি বৈঠকের পর দুই পক্ষ আলোচনার একটি সাধারণ কাঠামো তৈরির লক্ষ্যে পরস্পরের মধ্যে খসড়া-বিনিময়ের পর্যায়ে প্রবেশ করেছিল।

তবে এই পর্যায়ে এসে মার্কিন প্রতিনিধি দলের পুনরাবৃত্তিমূলক অতিরিক্ত দাবি পুরো প্রক্রিয়াকে থামিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পরামর্শ-প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তবে ইরান তার সামরিক অর্জন অক্ষুণ্ণ রাখার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে এবং ইরানি জনগণের অধিকার নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।

আলোচনায় হরমুজ প্রণালির বিষয়টি গুরুতর মতভেদের কারণ হয়ে উঠেছে। এই কৌশলগত জলপথ নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো সম্পূর্ণ বিপরীত মেরুতে রয়েছে।

এর আগে ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফা আলোচনা আজ রাতেই অথবা আগামীকাল অনুষ্ঠিত হতে পারে।

তাসনিম নিউজ এজেন্সির ইসলামাবাদ সংবাদদাতা আরো জানান, মুখোমুখি আলোচনার একটি পর্যায় ইতিমধ্যে শেষ হয়েছে এবং দুই প্রতিনিধি দল এখন পরস্পরের মধ্যে লিখিত খসড়া বিনিময় করছে।