বিশেষ প্রতিনিধি
কাপাসিয়া উপজেলায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে সহিংসতা তথা ‘মব’ সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে গাজীপুর জেলা হেযবুত তওহীদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান সুমন।
তিনি বলেন, কাপাসিয়ার খোদাদিয়া গ্রামে সংগঠনের কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সম্প্রতি কিছু ধর্মীয় বক্তা ওয়াজ মাহফিলের নামে সংগঠনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা গুজব, বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন। বেনামি হ্যান্ডবিলের মাধ্যমেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মুখলেছুর রহমান জানান, এসব অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে গাজীপুর জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
তার দাবি, মামলার পর অভিযুক্ত পক্ষ আরও ক্ষিপ্ত হয়ে আগামী ১৩ এপ্রিল কাপাসিয়ার তাজউদ্দিন চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই সমাবেশকে কেন্দ্র করে উগ্র কোনো গোষ্ঠী মব সৃষ্টি করে তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগ ঘটাতে পারে। অতীতে দেশের বিভিন্ন স্থানে অনুরূপ ঘটনায় সংগঠনের সদস্যরা হামলার শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
মুখলেছুর রহমান দাবি করেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক ও আইনমান্যকারী সংগঠন, যা দীর্ঘদিন ধরে শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করে আসছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে বলে তিনি জানান।
জানমাল রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের গাজীপুর জেলা সভাপতি আবু রায়হান, কাপাসিয়া উপজেলা সভাপতি মো. শাহজাহান, সদস্য মো. রায়হান খান এবং স্থানীয় নেতারা।