গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিভ্রান্তিকর দাবির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তেহরানের এক ঊধ্র্বতন কর্মকর্তা। ট্রাম্পের এসব বিবৃতি কূটনীতিকে অবমূল্যায়নের ঝুঁকিতে ফেলছে বলে সতর্ক করেছেন তিনি।
ইরানের সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প দাবি করেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতে যৌথভাবে কাজ করাসহ মার্কিন ‘সব প্রস্তাবে রাজি হয়েছে’।
তবে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ট্রাম্পের দাবিগুলো হল ‘মনগড়া তথ্য’।
ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাইরে নিয়ে যেতে দেবে এবং সমৃদ্ধকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে।
কিন্তু ওই ইরানি কর্মকর্তা এসব দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, প্রকাশ্যে এসব বিবৃতি চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।
ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, এই কর্মকর্তা পাকিস্তানের নেতৃত্বে চলমান মধ্যস্থতা প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিতভাবে অবগত। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এসব দম্ভোক্তির কারণে আলোচনা ভেস্তে যেতে পারে।
তিনি বলেন, “যদিও ইরান একটি ফলাফলভিত্তিক কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তারা এই সিদ্ধান্তে আসতে পারে যে, যুক্তরাষ্ট্র কূটনীতিকে নিঃশেষ করার জন্য কূটনীতিকে ব্যবহার করছে আর নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে।”
যুক্তরাষ্ট্র যদি কূটনীতির আড়ালে নতুন করে হামলার পরিকল্পনা করে থাকে আর সেরকম কিছু ঘটায় তবে ইরান ‘জোরালো প্রতিক্রিয়া’ জানিয়ে তার জবাব দেবে বলে মন্তব্য করেছেন তিনি।