গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

বিশেষ প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নিজস্ব ব্যবস্থাপনায় ১ লাখ ৭৬ হাজার ১৩১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

সোমবার সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন।

জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা এবং স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, জিসিসির আটটি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলের (অঞ্চল-১, ২, ৩, ৪ ও ৬) আওতাধীন ৪০টি ওয়ার্ডে এই কর্মসূচি পরিচালিত হবে। এর মধ্যে ২৭ হাজার ৮২ জন শিক্ষার্থী এবং ১ লাখ ৪৯ হাজার ৪৯ জন কমিউনিটি শিশুকে টিকার আওতায় আনা হবে।

নির্ধারিত পাঁচটি স্থায়ী ও ১২৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া পাঁচটি মপ-আপ দলের মাধ্যমে টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করা হবে এবং কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য বিশেষ সান্ধ্যকালীন টিকাদান দলের ব্যবস্থাও রাখা হয়েছে। জিসিসির অবশিষ্ট তিনটি অঞ্চল—কোনাবাড়ি, কাশিমপুর ও কাউলতিয়া এলাকার ৮১ হাজার ৭৭১ জন শিশুকে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় টিকা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন বলেন, ‘২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মোট ১৪ কার্যদিবসে এই টিকাদান ক্যাম্পেইন চলবে। আসুন, সবাই মিলে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা দিয়ে একটি রোগমুক্ত গাজীপুর মহানগরী গড়ে তুলি।’

একই সময়ে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় জিসিসির তিনটি অঞ্চল এবং জেলার পাঁচটি উপজেলায় আরও ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে।