কাপাসিয়া ও শ্রীপুরে তিন ইটভাটায় ছয় লাখ টাকা জরিমানা

কাপাসিয়া ও শ্রীপুরে তিন ইটভাটায় ছয় লাখ টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে তিনটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে ছয় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, কাপাসিয়া উপজেলার হাড়িয়াদি-সিংহশ্রী এলাকার এ বি বি ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং পোনাসারী-সোহাগপুর এলাকার এম এস ব্রিকস ফিল্ডে অভিযান চালিয়ে দুটি মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এ বি বি ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে দুই লাখ এবং এম এস ব্রিকস ফিল্ডকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এম এস ব্রিকস ফিল্ড আগে একটি অভিযানে আংশিকভাবে ভেঙে দেওয়া হয়েছিল। এবারের মোবাইল কোর্ট সাত দিনের মধ্যে ভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছে।

শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় পৃথক একটি অভিযানে আরও তিন লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

কাপাসিয়ার অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীম এবং শ্রীপুরের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর গাজীপুরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।