বিশেষ প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) রাত আটটার দিকে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরী (নয়াপাড়া) এলাকায় অবস্থিত প্যারাগন সিরামিকস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রুমা (৩০), শিল্পী (৩৫), শারমিন (২২), তপোরা (৪০), আজিজুল হক (৩০) ও রেবা (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা ফিডার রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাঁরা কারখানার প্রধান ফটক ও সিসি ক্যামেরা ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ এগিয়ে আসলে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পাল্টা শিল্প পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আসাদুজ্জামান জানান, গুরুতর আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে। আহত শ্রমিকদের বেশির ভাগের পায়ে রক্তাক্ত জখম ও ছিদ্রের চিহ্ন রয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভের এক পর্যায়ে কারখানার ফটক ও সিসি ক্যামেরা ভাঙচুর করেন। তাঁরা পুলিশকেও লক্ষ্য করে ইট ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। আহতের সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে বলেও তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানা কর্তৃপক্ষের একজন প্রতিনিধি জানান, গ্যাস বিলের বকেয়া থাকায় গত ২ এপ্রিল গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে উৎপাদন কাজ ব্যাহত হওয়ায় মালিকপক্ষ বেতন পরিশোধ করতে পারেননি।
এদিকে আন্দোলনরত শ্রমিকেরা অভিযোগ করেন, টিয়ারশেল নিক্ষেপে তাঁদের হতাহত করা হয়েছে। এ ঘটনার বিচার দাবিতে তাঁরা মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।