শত্রুর কল্পনার বাইরে ‘চমক’ দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি

যেকোনো নতুন আগ্রাসনের বিপরীতে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

শত্রুর কল্পনার বাইরে ‘চমক’ দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, তারা শত্রুপক্ষের হিসাব-নিকাশের বাইরে নতুন ‘চমক’ উপস্থাপন করতে সম্পূর্ণ প্রস্তুত। যেকোনো নতুন আগ্রাসনের বিপরীতে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

বুধবার (২২ এপ্রিল) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নিজেদের একটি শক্তিশালী গণমুখী বাহিনী হিসেবে বর্ণনা করে বলেছে, রণক্ষেত্রে নতুন সামর্থ্য মোতায়েন করে বড় অর্জন ছিনিয়ে আনতে তারা সক্ষম।

বিবৃতিতে বলা হয়, ইরানি জাতি সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি আইআরজিসির ব্যাপক কৌশলগত সক্ষমতা নিয়ে গর্বিত। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল ও মার্কিন বাহিনী ইতিমধ্যে দুর্বল ও বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও দাবি করা হয়।

চলমান পরিস্থিতিকে ‘সামরিক সংঘাতে নীরবতার পর্যায়’ হিসেবে উল্লেখ করে আইআরজিসি বলেছে, আলোচনা ও তথাকথিত যুদ্ধবিরতির সময়কালে শত্রুর গতিবিধির ওপর কড়া নজর রাখা এবং সতর্ক থাকা অপরিহার্য।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষত আইআরজিসির উদ্যোগে এই অঞ্চলে ইসরায়েল ও মার্কিন বাহিনীর বড় সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তারা সর্বোচ্চ প্রস্তুতি ও দৃঢ়তা নিয়ে লড়াই চালিয়ে যেতে সংকল্পবদ্ধ। যেকোনো নতুন আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক, দৃঢ় ও বিধ্বংসী পাল্টা আঘাত হানা হবে বলেও সতর্ক করা হয়—যা শত্রুর কল্পনার বাইরে হবে এবং অঞ্চলে তাদের অবশিষ্ট সম্পদকে লক্ষ্য করে করা হবে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি