বিশেষ প্রতিনিধি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’ প্রতিপাদ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। এ ছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম জানান, মানুষের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং গবেষণালব্ধ জ্ঞানকে যথাযথ স্বীকৃতি ও সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্যের উদ্দেশ্য হলো উদ্ভাবন, সৃজনশীলতা এবং মেধাসম্পদের যথাযথ মূল্যায়নে সচেতনতা বৃদ্ধি করা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর ও জ্যেষ্ঠ শিক্ষকসহ ৮৭ জন অধ্যাপক অংশগ্রহণ করেন।