শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।

রবিবার (০৩ মে) রাত নয়টায় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ, তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির পাঁচ বিধি অনুযায়ী শপথবাক্য পাঠ করানো হয়।

শপথ শেষে নবনির্বাচিত সদস্যরা শপথপত্রে সই করেন এবং সংসদ সদস্যদের তালিকাভুক্ত বইতেও সই করেন। এ সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাগ দেওয়া হয়। পরিচয়পত্র তৈরির জন্য ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬ জন, জামায়াত জোট ১৩ জন এবং স্বতন্ত্র জোট একজন প্রার্থীকে মনোনয়ন দেয়। তাঁরা ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন।

সংসদ সচিবালয় জানায়, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন শপথ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সংরক্ষিত নারী আসনের ৫০তম সদস্য হিসেবে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নুসরাত তাবাসসুম জ্যোতির গেজেট রবিবার প্রকাশ না হওয়ায় তিনি শপথ নিতে পারেননি।

এ বিষয়ে বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও আইনি প্রক্রিয়া ও আপিলের সময় সংরক্ষণের কারণে সেদিন গেজেট প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, ‘সাধারণত বৈধ ঘোষণা হওয়ার পরদিন গেজেট প্রকাশ হয়। কারণ, প্রার্থী বা বিপক্ষের আপিল ও মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময় দিতে হয়। রবিবার সেই সময় রাখা হয়েছে। যে কারণে গেজেট হচ্ছে না এবং স্বাভাবিকভাবেই তিনি আজ শপথ নিতে পারছেন না।’

সবকিছু ঠিক থাকলে সোমবার গেজেট প্রকাশ হতে পারে বলে জানান এই নির্বাচন কমিশনার।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে। তখন ইসি জানিয়েছিল, গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানোর পর শপথ আয়োজন করা হবে।

একটি আসন নিয়ে জটিলতা থাকায় একটি পদে নির্বাচন ঝুলে ছিল। ওই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে বাতিল হয়েছিল। পরে আদালতের আদেশের পর তার মনোনয়নপত্র গ্রহণ করে পুনরায় যাচাই-বাছাই করা হয়। শনিবার রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বিএনপির ৩৬ নির্বাচিত নারী সংসদ সদস্য হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ জন এমপি হলেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।

এ ছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিনকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।