গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঈদের দিন গোপালগঞ্জ সদরের সড়কে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাস উল্টে গেলে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেল ও তিনজন বাসের যাত্রী রয়েছে। তাদের মধ্যে এক শিশু, একজন গর্ভবতী নারী রয়েছেন।
তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের বাসটি শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চার জন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন।
পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আহতদের মধ্যে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।